

দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনাপোলে প্রায় ৫ কোটি টাকা মূল্যের অত্যাধুনিক কনটেইনার স্ক্যানিং মেশিন দীর্ঘদিন ধরে অচল পড়ে থাকার অভিযোগ উঠেছে। এতে আমদানি পণ্যের নিরাপত্তা পরীক্ষা ব্যাহত হচ্ছে এবং মূল্যবান যন্ত্রপাতি নষ্ট হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। দ্রুত মেশিনটি সচল করার দাবি জানিয়েছেন বন্দর ব্যবহারকারী ও ব্যবসায়ীরা।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রুহুল আমিন জানান, ২০২০ সালের এপ্রিল মাসে চীনের সহযোগিতায় বেনাপোল বন্দরে প্রায় ৫ কোটি টাকা ব্যয়ে কনটেইনার মোবাইল স্ক্যানিং মেশিন স্থাপন করা হয়। স্থাপনের পর চীনা প্রকৌশলীরা সংশ্লিষ্ট কাস্টমস কর্মকর্তাদের যন্ত্রটি পরিচালনার প্রশিক্ষণ দেন।
মেশিনটির মাধ্যমে ট্রাকের মালামাল না খুলেই বিশেষ প্রযুক্তিতে পরীক্ষা করা সম্ভব হতো, যা দ্রুত পণ্য খালাস ও চোরাচালান প্রতিরোধে সহায়ক ছিল। তবে চালুর কিছুদিন পর থেকেই কারিগরি ত্রুটি দেখা দেয় এবং ২০২৩ সালের নভেম্বর থেকে এটি অচল হয়ে পড়ে।
বেনাপোল আমদানি-রপ্তানিকারক সমিতির সভাপতি আলহাজ মহসিন মিলন জানান, স্ক্যানিং মেশিন সচল না থাকায় সন্দেহজনক চালানের মালামাল নামিয়ে কার্টন ও প্যাকেট খুলে সরাসরি পরীক্ষা করতে হয়। এতে পণ্যের মোড়ক নষ্ট হওয়ার পাশাপাশি খালাসে অতিরিক্ত সময় লাগে এবং দ্রুত সরবরাহের পণ্যে ব্যবসায়ীরা আর্থিক ক্ষতির মুখে পড়েন।
স্ক্যানার অকার্যকর থাকায় নিষিদ্ধ সামগ্রী, মাদক, অস্ত্র বা শুল্ক ফাঁকি দিয়ে আনা পণ্য শনাক্তের সক্ষমতা নিয়েও উদ্বেগ বাড়ছে। এ ছাড়া বন্দরের ভেতরে চুরি ও মাদক কারবারের অভিযোগ থাকলেও এসব ঘটনার সঙ্গে স্ক্যানার বিকল থাকার সরাসরি যোগসূত্র খতিয়ে দেখতে পৃথক তদন্তের প্রয়োজনীয়তা তুলে ধরেছেন সংশ্লিষ্টরা।
বেনাপোল কাস্টমস হাউসের সহকারী কমিশনার রাহাত হোসেন জানান, মেরামতের ব্যয় ও প্রশাসনিক প্রক্রিয়া নিয়ে অতীতে ঠিকাদার প্রতিষ্ঠানের জটিলতার বিষয়টি সামনে এসেছিল এবং এ বিষয়ে বেনাপোল কাস্টমস থেকে জাতীয় রাজস্ব বোর্ডে একাধিকবার চিঠি পাঠানো হয়েছে।
বন্দর ব্যবহারকারীরা নিয়মিত রক্ষণাবেক্ষণ, খুচরা যন্ত্রাংশ সরবরাহ ও দক্ষ জনবল নিশ্চিত করে দ্রুত মেশিনটি সচল করা এবং বারবার বিকল হওয়ার কারণ অনুসন্ধানে জবাবদিহি নিশ্চিত করার দাবি জানিয়েছেন।
