📅 বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
উপজেলা

সাজেক অবরোধ প্রত্যাহারের দাবি, গণপ্রতিরোধের আহ্বান

মোঃআবছার হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি)
মোঃআবছার হোসেন, বাঘাইছড়ি (রাঙ্গামাটি) প্রকাশিত: ২৫ November ২০২৬, ৫:৫৮ pm

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেকে ইউপিডিএফ (প্রসীতপন্থী)-এর মদদে টানা ৪৪ দিন ধরে চলমান সড়ক অবরোধের বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানিয়েছেন স্থানীয় কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ জনগণ। একই সঙ্গে অবরোধের কারণে সৃষ্ট জনদুর্ভোগ বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অবরোধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে সামাজিকভাবে গণপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানিয়েছেন তাঁরা।

বুধবার (২৫ নভেম্বর) সাজেক ইউনিয়নের দাঁড়িপাড়া স্কুল মাঠে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি জানানো হয়। সংবাদ সম্মেলনে পাঠ করা লিখিত বক্তব্যে চলমান সড়ক অবরোধকে ‘জনস্বার্থপরিপন্থী’ উল্লেখ করে বলা হয়, একটি নির্দিষ্ট রাজনৈতিক দ্বন্দ্বের বিষয়কে কেন্দ্র করে সাজেকের সাধারণ জনগণের ওপর এই অবরোধ চাপিয়ে দেওয়া হয়েছে।

লিখিত বক্তব্যে দাবি করা হয়, গত ১১ অক্টোবর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন ও সাজেক গণঅধিকার রক্ষা কমিটি নামে দুটি ভূঁইফোড় সংগঠন তিন দফা দাবিতে অনির্দিষ্টকালের সড়ক অবরোধের ডাক দেয়। পরে ২৬ অক্টোবর উজোবাজারে রাঙামাটি ও খাগড়াছড়ির সংসদ সদস্য, জেলা প্রশাসক, পুলিশ সুপারসহ সংশ্লিষ্ট প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে অবরোধকারী সংগঠনগুলোর বৈঠক অনুষ্ঠিত হয়। ওই বৈঠকে পাঁচ দফা দাবি উত্থাপন করা হলে প্রশাসনের পক্ষ থেকে চারটি দাবি মেনে নেওয়া হয়। তবে জেএসএস (সন্তু লারমা)-এর সশস্ত্র সদস্যদের সাজেক থেকে দ্রুত সরিয়ে নেওয়ার দাবিটি অমীমাংসিত থাকায় অবরোধ প্রত্যাহার করা হয়নি বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, গত ১০ নভেম্বর সাজেক কার্বারি অ্যাসোসিয়েশনের সভাপতি নতুন জয় চাকমা এক বিবৃতির মাধ্যমে সভাপতির পদ থেকে পদত্যাগ এবং সংগঠনটির বিলুপ্তি ঘোষণা করেন। একই সঙ্গে তিনি সড়ক অবরোধের প্রতিবাদ জানিয়ে অবরোধ প্রত্যাহারের ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত কার্বারিরা দাবি করেন, সাজেক কার্বারি অ্যাসোসিয়েশন, সাজেক গণঅধিকার রক্ষা কমিটি, সাজেক পর্যটন সড়ক অবরোধ বাস্তবায়ন গণকমিটি এবং সাজেক সামাজিক অবক্ষয় প্রতিরোধ কমিটির সঙ্গে তাঁদের কোনো সম্পৃক্ততা নেই। তাঁদের অভিযোগ, এসব সংগঠন প্রসীতপন্থী ইউপিডিএফের সৃষ্টি এবং দলটির নেতাকর্মীদের নির্দেশনা ও সহযোগিতায় পরিচালিত হচ্ছে।

লিখিত বক্তব্যে বলা হয়, সাজেকের ৫০টিরও বেশি গ্রামে হাজার হাজার মানুষ বসবাস করেন। তাঁদের দৈনন্দিন জীবনযাত্রা, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও ওষুধ কেনাকাটা, ব্যবসা-বাণিজ্য এবং যোগাযোগের জন্য গঙ্গারাম বাজার, উজোবাজার ও মাচালং বাজারসহ বিভিন্ন বাজারের ওপর নির্ভর করতে হয়। দীর্ঘদিনের অবরোধের কারণে এসব এলাকার মানুষ চরম আর্থিক ও সামাজিক সংকটে পড়েছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, গত ৭ নভেম্বর সাজেকে যথাযথ চিকিৎসার অভাবে ওয়ারেন্টি ত্রিপুরা (২৬) নামে এক প্রসূতি মায়ের মৃত্যু হয়, যার অন্যতম কারণ হিসেবে সড়ক অবরোধের বিষয়টি উল্লেখ করা হয়েছে। এ ছাড়া গত ১২ নভেম্বর সাজেক বনানী বৌদ্ধবিহারের সামনে ইউপিডিএফের কর্মীরা ১১ জনের ১১টি মোটরসাইকেলের তার কেটে দেন বলেও অভিযোগ করা হয়।

অবরোধে সাধারণ মানুষকে জোরপূর্বক অংশগ্রহণে বাধ্য করার অভিযোগও তোলেন সংবাদ সম্মেলনের আয়োজকেরা। তাঁদের দাবি, বিভিন্ন এলাকার নারী-পুরুষকে পিকেটিং, টায়ার জ্বালানো ও মিছিলে অংশ নিতে বাধ্য করা হচ্ছে। এমনকি গ্রামবাসীদের জোর করে সভায় ডেকে নেওয়া এবং নির্দেশ অমান্য করলে প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগও করা হয়।

সংবাদ সম্মেলনে সাজেক এলাকার সাধারণ জনগণের পক্ষ থেকে চলমান সড়ক অবরোধকে অন্যায্য ও জনস্বার্থবিরোধী উল্লেখ করে অবিলম্বে তা প্রত্যাহারের দাবি জানানো হয়। পাশাপাশি স্বাভাবিক সড়ক যোগাযোগ ও জনসাধারণের নিরাপদ চলাচল নিশ্চিত করা এবং অবরোধের পেছনে দায়ীদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে সাজেক এলাকার কার্বারী, হেডম্যান, জনপ্রতিনিধি ও ভুক্তভোগী সাধারণ জনগণের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

Share this news as a Photo Card

25 November 2026

সাজেক অবরোধ প্রত্যাহারের দাবি, গণপ্রতিরোধের আহ্বান

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...