📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতিতে লেবার পার্টির নিন্দা

বাংলা কণ্ঠ প্রতিবেদক :
বাংলা কণ্ঠ প্রতিবেদক : প্রকাশিত: ২৬ November ২০২৬, ৪:০০ pm
দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক প্রকৌশলী মাহমুদুর রহমানের বাসায় গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশের উপস্থিতির ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান। এ ঘটনাকে তিনি সরকারের প্রশাসনিক ব্যর্থতা, সমন্বয়হীনতা ও রাজনৈতিক সদিচ্ছার দেউলিয়াত্বের দৃষ্টান্ত বলে অভিহিত করেছেন।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে ডা. ইরান এ প্রতিবাদ জানান। বিবৃতিতে ডা. ইরান বলেন, “গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে পূর্ববর্তী শাসনের অবসানের পর জনগণের প্রত্যাশা ছিল দেশে আইনের শাসন, ন্যায়বিচার, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠিত হবে। কিন্তু আগের আমলে দায়ের করা একটি পুরোনো মানহানির মামলায়—হাইকোর্টের স্থগিতাদেশ থাকা সত্ত্বেও—গ্রেফতারি পরোয়ানা নিয়ে পুলিশ মাহমুদুর রহমানের বাসায় হাজির হওয়া অত্যন্ত উদ্বেগজনক।”
লেবার পার্টির চেয়ারম্যান আরও বলেন, “যে মাহমুদুর রহমান অতীতের শাসনের বিরুদ্ধে সাহসী সাংবাদিকতার জন্য নির্যাতন, কারাবরণ ও অসংখ্য মামলার শিকার হয়েছেন, তার ক্ষেত্রেও যদি পুরোনো নিপীড়নমূলক মামলার বোঝা বহাল থাকে, তাহলে আন্দোলনের চেতনা বাস্তবায়নের দাবি অর্থহীন হয়ে পড়ে।”
পুলিশের ভূমিকার সমালোচনা করে তিনি বলেন, “আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কোনো ব্যক্তির রাজনৈতিক পরিচয় কিংবা অতীতের ক্ষমতাসীনদের দায়ের করা মামলার অন্ধ অনুসারী হতে পারে না। আদালতের স্থগিতাদেশ যাচাই না করে পরোয়ানা তামিলের উদ্যোগ পুলিশের পেশাদারিত্ব ও দায়িত্বশীলতাকে প্রশ্নবিদ্ধ করেছে।” এ সময় তিনি আইন মন্ত্রণালয়, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট প্রশাসনের জবাবদিহি নিশ্চিত করার আহ্বান জানান।
বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত, পুরোনো রাজনৈতিক হয়রানিমূলক মামলাগুলোর আইনানুগ পর্যালোচনা এবং সাংবাদিকদের নিরাপত্তা ও সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করার দাবি জানানো হয়। অন্যথায় জুলাই অভ্যুত্থানের আকাঙ্ক্ষার সাথে সরকারের কর্মকাণ্ডের এই বৈপরীত্য গণতন্ত্রকামী জনগণের মধ্যে গভীর হতাশা সৃষ্টি করবে বলে সতর্ক করেন ডা. ইরান।

Share this news as a Photo Card

26 November 2026

মাহমুদুর রহমানের বাসায় পুলিশের উপস্থিতিতে লেবার পার্টির নিন্দা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...