📅 বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬
জাতীয়

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা জরুরি: প্রজ্ঞা

সংবাদ বিজ্ঞপ্তি
সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশিত: ২৬ November ২০২৬, ৩:৪৩ pm
বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করার পাশাপাশি বিদ্যমান ‘জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪’ শক্তিশালী ও যুগোপযোগী করার দাবি জানিয়েছে গবেষণা ও অ্যাডভোকেসি প্রতিষ্ঠান প্রজ্ঞা (প্রগতির জন্য জ্ঞান)।
শুক্রবার (২৭ নভেম্বর) ‘আন্তর্জাতিক বাল্যবিবাহ, অপ্রাপ্তবয়সে বিবাহ ও জোরপূর্বক বিবাহ নির্মূল দিবস’ উপলক্ষে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়। উল্লেখ্য, চলতি বছরের সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দিবসটি গৃহীত হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএনএফপিএ ও ইউনিসেফের প্রতিবেদনের বরাত দিয়ে জানানো হয়, বাংলাদেশে বাল্যবিবাহের হার অত্যন্ত উদ্বেগজনক। ২০২৫ সালে দেশে প্রায় ৪৭ শতাংশ মেয়ের বিয়ে হয়েছে ১৮ বছর বয়স পূর্ণ হওয়ার আগেই, যা দক্ষিণ এশিয়ার মধ্যে সর্বোচ্চ। বাল্যবিবাহের কারণে কন্যাশিশুদের শিক্ষাজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি অপ্রাপ্তবয়সে গর্ভধারণের ঝুঁকি বাড়ে এবং কর্মসংস্থানের সুযোগ সীমিত হয়ে পড়ে।
প্রজ্ঞা জানায়, জন্ম নিবন্ধন শিশুর বয়সের নির্ভরযোগ্য প্রমাণ হিসেবে কাজ করায় এটি বাল্যবিবাহ প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ রক্ষাকবজ। তবে দেশে এখনও প্রায় অর্ধেক মানুষ নিবন্ধনের বাইরে রয়ে গেছে। বিশেষজ্ঞদের মতে, বিদ্যমান আইন সংশোধন করে ব্যক্তির পরিবর্তে স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানকে নিবন্ধনের আইনগত দায়িত্ব দিলে হাসপাতালে জন্ম নেওয়া প্রায় ৬৭ শতাংশ শিশু জন্মের পরপরই স্বয়ংক্রিয়ভাবে নিবন্ধিত হতে পারবে।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) এবং জাতীয় বাল্যবিবাহ নিরোধ কর্মপরিকল্পনা অনুযায়ী বাংলাদেশ ২০৩০ সালের মধ্যে বাল্যবিবাহ নির্মূল ও সবার জন্য আইনি পরিচয় নিশ্চিত করতে অঙ্গীকারবদ্ধ। এ লক্ষ্য অর্জনে নিবন্ধন কার্যক্রম আরও সহজ ও কার্যকর করা প্রয়োজন।
দিবসটি উপলক্ষে প্রজ্ঞা’র নির্বাহী পরিচালক এবিএম জুবায়ের বলেন, “প্রতিটি কন্যাশিশুর জন্ম নিবন্ধনের মাধ্যমে আইনি পরিচয় নিশ্চিত করা গেলে তা শিশুর বয়স, অধিকার ও শৈশব সুরক্ষার ভিত্তি তৈরি করবে। বাল্যবিবাহমুক্ত দেশ গড়তে তাই জন্ম ও মৃত্যু নিবন্ধন আইন, ২০০৪ শক্তিশালী ও যুগোপযোগী করা অত্যন্ত জরুরি।”

Share this news as a Photo Card

26 November 2026

বাল্যবিবাহ প্রতিরোধে শতভাগ জন্ম নিবন্ধন নিশ্চিত করা জরুরি: প্রজ্ঞা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...