
প্রবাসী বাংলাদেশিদের অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠা, সিলেট বিভাগের সার্বিক উন্নয়ন, সামাজিক সম্প্রীতি সুদৃঢ়করণ এবং মানবতার কল্যাণে কার্যক্রম আরও বিস্তৃত ও গতিশীল করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে। সংগঠনটির কেন্দ্রীয় ন্যাশনাল এক্সিকিউটিভ কমিটির (এনইসি) প্রথম সভায় সিলেট বিভাগের চার জেলার অসচ্ছল নারীদের কর্মসংস্থান সৃষ্টি ও রমজানে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সর্বমোট ১৭ লাখ টাকার দুটি মানবিক প্রকল্প গ্রহণ করা হয়েছে।
গত ২৫ নভেম্বর বুধবার দুপুর ১টায় যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের বাঙালি অধ্যুষিত স্মলহিথ এলাকার আল-মিরাজ ব্যাংকুয়েটিং হলে অনুষ্ঠিত সভায় যুক্তরাজ্যের বিভিন্ন শহর থেকে আগত শতাধিক নেতৃবৃন্দ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের কেন্দ্রীয় প্রেসিডেন্ট মোহাম্মদ মকিস মনসুরের সভাপতিত্বে এবং জেনারেল সেক্রেটারি কাউন্সিলর আশরাফ মিয়া ও ট্রেজারার হেলেন ইসলামের যৌথ পরিচালনায় সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের প্যাট্রন বিশিষ্ট শিক্ষাবিদ ড. হাসনাত এম. হোসাইন এমবিই। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের সিনিয়র উপদেষ্টা, ৭১-এর বীর মুক্তিযোদ্ধা সৈয়দ আব্দুল কাইয়ুম কয়সর, উপদেষ্টা আলহাজ্ব সোরাবুর রহমান, ফয়জুর রহমান চৌধুরী ও হাজি কবির উদ্দিন। তাঁরা সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন।
সভায় সাউথ ইস্ট রিজিওনের প্রেসিডেন্ট বিশিষ্ট ব্যবসায়ী হারুনুর রশিদ, ওয়েস্ট মিডল্যান্ড রিজিওনের প্রেসিডেন্ট আশিক মিয়া, নাজমুল ইসলাম, কাউন্সিলর হাবিবুর রহমান রানা, তাজুল ইসলাম, মোস্তফা কামাল বাবলু, কামাল আহমদ, মুজিবুর রহমান, আব্দুল মান্নান মুন্না, শাহজানুর রাজা, ফুলজার আহমেদ, মীর গোলাম মোস্তফা, রুহুল আমীন রুহেল, আনসার উদ্দিন, শেখ জাফর আহমেদ, শাহ শাফী, শেখ নুরুল ইসলাম, জয়নাল ইসলাম, আব্দুর রহিম রনজু, সৈয়দ সায়েম করিম, আহমেদ সাদিক, আব্দুর রউফ তালুকদার, রোকসানা রাজা, গিয়াস উদ্দিন, রকিবুর রহমান, এবি রুনেল, এনামুল ইসলাম, আব্দুল মোহিত, ফয়সল রহমান, মুক্তার আলী, মনোর আলী, রুকনউজ্জামান, দেওয়ান মহসিন উদ্দিন, শাহ চেরাগ আলী, মুজিবুল ইসলাম শাহ আলম, মোহাম্মদ জহির আলী, মাহমুদর রহমান, এস এম আমোয়ার হোসেন, এম এ বাছিত, জাহাঙ্গীর হুসেইন, সৈয়দ কাহের, জে মিয়া, শাহ আব্দুল ওয়াহাব জাহাঙ্গীর, দিলশাদ মিয়া, জাংগীর হুসেইন, আব্দুল হান্নান, আসাদ আলী আসক, রুহেল মিয়া, সাইদুল ইসলাম, আব্দুল কালাম আজাদ, আহাদ আলী, সরওয়ার আহমেদ, নাজিম উদ্দীন, হারুন আলমসহ কেন্দ্রীয়, আঞ্চলিক ও শাখা কমিটির নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের কেন্দ্রীয় সদস্য আহমেদ সাদিক। সভায় উপস্থিত নেতৃবৃন্দের জন্য বার্মিংহামের জনপ্রিয় পানশী রেস্টুরেন্টের পক্ষ থেকে খাবার পরিবেশন করা হয়।
সভায় মানবকল্যাণ ও আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্যে সিলেট বিভাগের চার জেলা—সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও সুনামগঞ্জের অসচ্ছল ও সুবিধাবঞ্চিত নারীদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তুলতে ৫০টি সেলাই মেশিন বিতরণের জন্য ৭ লাখ টাকার প্রকল্প গ্রহণ করা হয়। এ উদ্যোগের মাধ্যমে অসচ্ছল নারীদের জীবিকা অর্জন ও স্বাবলম্বিতা বৃদ্ধিতে সহযোগিতা করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
এছাড়া আসন্ন মাহে রমজান উপলক্ষে চার জেলার গরিব, অসহায়, এতিম ও সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার সামগ্রী বিতরণের জন্য আরও ১০ লাখ টাকার মানবিক প্রকল্প অনুমোদন করা হয়। দুটি প্রকল্প বাস্তবায়নে সর্বমোট ১৭ লাখ টাকা বরাদ্দের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় বক্তারা বলেন, প্রবাসে বাংলাদেশিদের অধিকার, সম্মান ও স্বার্থ রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি দেশের প্রতি দায়বদ্ধতা থেকে সিলেট বিভাগের উন্নয়ন ও মানুষের কল্যাণে কার্যকর ভূমিকা রাখা অত্যন্ত জরুরি। গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে প্রবাসীদের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটানোর পাশাপাশি দেশ ও প্রবাসের মধ্যে সেতুবন্ধন হিসেবে কাজ করবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির সমাপনী বক্তব্যে কমিউনিটি লিডার ও সিনিয়র সাংবাদিক মোহাম্মদ মকিস মনসুর সভা সফলভাবে সম্পন্ন করায় উপস্থিত সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। তিনি গ্রেটার সিলেট কমিউনিটি ইউকের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী ও বিস্তৃত করার ওপর গুরুত্বারোপ করে বলেন, একটি ঐক্যবদ্ধ ও শক্তিশালী কমিউনিটি প্রবাসীদের অধিকার আদায়, সামাজিক সম্প্রীতি রক্ষা এবং মানবিক কর্মকাণ্ড পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
তিনি সিলেটের ওসমানী বিমানবন্দরকে সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরে রূপান্তরিত করার পাশাপাশি ব্রিটিশ এয়ারওয়েজসহ অন্যান্য আন্তর্জাতিক এয়ারলাইন্সের ফ্লাইট চালুর জোর দাবি জানান।
প্রবাসীদের কল্যাণ, সিলেটের উন্নয়ন, সামাজিক ঐক্য ও মানবতার সেবায় সম্মিলিতভাবে কাজ করার দৃঢ় অঙ্গীকারের মধ্য দিয়ে সভার সমাপ্তি ঘটে।
