1. sm.khakon@gmail.com : bkantho :
বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু জানুয়ারিতে - বাংলা কণ্ঠ নিউজ
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ০৯:৫১ অপরাহ্ন

বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু জানুয়ারিতে

বাংলা কণ্ঠ ডেস্ক
  • সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার পড়া হয়েছে
বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু জানুয়ারিতে

দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন গ্রহণ ও ভর্তি কার্যক্রম আগামী জানুয়ারি মাস থেকে শুরু করা হবে। আর ভর্তি পরীক্ষা ফেব্রুয়ারি মাস থেকে শুরু করার পরিকল্পনা নেয়া হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দুপুরে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনে (ইউজিসি) পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলরদের (ভিসি) সাথে এক মতবিনিময় সভা শেষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ এসব সিদ্ধান্তের কথা জানান।

এর আগে সকালে দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আয়োজনের সময়সূচি ও সংশ্লিষ্ট বিষয়ে ইউজিসিতে ভিসিদের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

শিক্ষার্থীদের স্বার্থ, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার সূচি সমন্বয়, এইচএসসির সম্পূরক পরীক্ষার ফল এবং ভর্তি প্রক্রিয়ায় সমন্বয় আনতেই ভিসিদের সাথে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, চলতি বছরের এইচএসসি ও সমমানের ফল পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষার চূড়ান্ত ফলাফল আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে প্রকাশের লক্ষ্য নিয়ে কাজ করছে সরকার। এরপর পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষার কার্যক্রম শুরু করা হবে। এইচএসসি পরীক্ষার খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় উত্তীর্ণরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন।

ইউজিসি চেয়ারম্যান জানান, বিশ্ববিদ্যালয়গুলো পারস্পরিক আলোচনার মাধ্যমে ভর্তি পরীক্ষার নির্দিষ্ট তারিখ ঘোষণা করবে। ইতোমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার সূচি প্রকাশ করেছে, তাদের প্রতি জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা মাথায় রেখে ঘোষিত তারিখ পুনর্বিবেচনার আহ্বান জানানো হয়েছে।

বিশেষ করে একাধিক বিশ্ববিদ্যালয়ের পরীক্ষার তারিখ যেন সাংঘর্ষিক না হয় এবং আসন্ন পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে পরীক্ষার তারিখ পুনর্নির্ধারণের অনুরোধ করা হয়, যাতে শিক্ষার্থীরা সর্বোচ্চ সংখ্যক বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেয়ার সুযোগ পায়।

ব্রিফিংয়ে চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ বলেন, ভর্তি পরীক্ষার বিলম্বের কারণে নিয়মিত একাডেমিক কার্যক্রম যেন বাধাগ্রস্ত না হয়, সে বিষয়ে ভিসিদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে ইউজিসি সব ধরনের সহায়তা দেবে বলে নিশ্চিত করা হয়।

এছাড়া ভর্তি পরীক্ষা প্রক্রিয়ায় ধারাবাহিক সমন্বয় রক্ষা করতে ইউজিসি, শিক্ষা মন্ত্রণালয় ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ‘কেন্দ্রীয় সমন্বয় কমিটি’ গঠনের প্রস্তাব নিয়ে আলোচনা হয়েছে।

সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০২৫ সালে সাড়ে সাত লাখের বেশি শিক্ষার্থী এইচএসসি পাস করলেও চলতি বছর সেই সংখ্যা নেমে এসেছে ছয় লাখের কিছু বেশি। সঠিক ও বস্তুনিষ্ঠ মূল্যায়নের কারণে উত্তীর্ণের সংখ্যা কিছুটা কমলেও উচ্চশিক্ষায় পর্যাপ্ত আসন রয়েছে।

আরো জানানো হয়, দেশে বর্তমানে পাবলিক ও বেসরকারি মিলিয়ে প্রায় ১৮০টি বিশ্ববিদ্যালয় রয়েছে। এর মধ্যে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মূল ক্যাম্পাসে আসন রয়েছে প্রায় ৬৩ হাজার। এছাড়া জাতীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ও অন্যান্য অধিভুক্ত প্রতিষ্ঠানে ১০ লাখের বেশি এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে ৪ লাখের অধিক আসন রয়েছে।

সংবাদ সম্মেলনে ইউজিসি চেয়ারম্যান জানান, এ বছর এইচএসসির খাতা পুনর্মূল্যায়ন ও সম্পূরক পরীক্ষায় যারা উত্তীর্ণ হবেন, তারাও ভর্তি পরীক্ষায় অংশ নেয়ার পূর্ণ সুযোগ পাবেন।

পরীক্ষা পদ্ধতির বিষয়ে তিনি আরো জানান, গত বছরের মতো এবারও বহুনির্বাচনী (এমসিকিউ) পদ্ধতিতে পরীক্ষা নেয়া হবে। তবে শিক্ষার্থীদের শুধু মুখস্থনির্ভরতা না মেপে বিষয়ভিত্তিক মেধা ও বিশ্লেষণী ক্ষমতা যাচাইয়ে আগামী শিক্ষাবর্ষ থেকে এমসিকিউ’র পাশাপাশি লিখিত বা বিষয়ভিত্তিক প্রশ্ন যুক্ত করা যায় কি না, তা নিয়ে আলোচনা হয়েছে। পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের মতামত নিয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিশ্ববিদ্যালয়গুলোর ওপর কোনো সিদ্ধান্ত জোর করে চাপিয়ে দেয়া হবে না উল্লেখ করে অধ্যাপক মামুন আহমেদ বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব আইন ও স্বায়ত্তশাসনের প্রতি পূর্ণ শ্রদ্ধা রেখে কেবল সমন্বয়ক ও সহায়তাকারী হিসেবে ভূমিকা পালন করবে ইউজিসি।

ভিসিদের পারস্পরিক সহযোগিতায় এবারের ভর্তি কার্যক্রম আরো শিক্ষার্থীবান্ধব ও সুশৃঙ্খল হবে বলে আশাবাদ ব্যক্ত করেন ইউজিসি চেয়ারম্যান।

সূত্র : বাসস

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
09 November 2026

বিশ্ববিদ্যালয় ভর্তি কার্যক্রম শুরু জানুয়ারিতে

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD