1. sm.khakon@gmail.com : bkantho :
ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুর - বাংলা কণ্ঠ নিউজ
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ০৯:১৪ পূর্বাহ্ন

ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুর

বাংলা কণ্ঠ ডেস্ক
  • শুক্রবার, ৬ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার পড়া হয়েছে
ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুর
ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু (ফাইল ছবি)

ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নতুন মোড়। প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর রাজনৈতিক মিত্র ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি তাকে পরবর্তী সরকার গঠনের জন্য সুপারিশ করতে অস্বীকৃতি জানিয়েছে। এতে নেতানিয়াহুর পক্ষে আইনপ্রণেতাদের সমর্থন নেমে আসতে পারে ৪৬টিতে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা গাদি আইজেনকটের পক্ষে বেশি সুপারিশ পাওয়ার আভাস মিলছে।

বার্তাসংস্থা আনাদোলু বলছে, পরবর্তী সরকার গঠনের জন্য নেতানিয়াহুকে সুপারিশ করতে অস্বীকৃতি জানানো কথা বৃহস্পতিবার (৫ নভেম্বর) জানায় ইউনাইটেড তোরাহ জুদাইজম পার্টি। সরকার গঠনের বিষয়ে দেশটির প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ পার্লামেন্টের দলগুলোর সঙ্গে পরামর্শ চালিয়ে যাওয়ার মধ্যে এ সিদ্ধান্ত নেয় দলটি।

সংবাদমাধ্যম বলছে, নির্বাচনে আসন পাওয়া দলগুলোর সঙ্গে পরামর্শের দ্বিতীয় ও শেষ দিনে হারজগের সঙ্গে বৈঠকে এ সিদ্ধান্ত জানায় ইউনাইটেড তোরাহ জুদাইজমের প্রতিনিধিরা। ইসরায়েলি পার্লামেন্ট নেসেটে দলটির সাতটি আসন রয়েছে।

ইসরায়েলি প্রেসিডেন্টের সঙ্গে আলোচনায় দলটির প্রতিনিধিরা বলেন, প্রধানমন্ত্রী পদের জন্য তারা কোনো প্রার্থীকেই সুপারিশ করবেন না।

তবে নিজেদের দাবিদাওয়া পূরণ হলে কোনো প্রার্থীকে সমর্থনের পথও খোলা রেখেছে দলটি। তাদের প্রধান দাবিগুলোর মধ্যে রয়েছে, ‘হারেদি’ নামে পরিচিত অতি-ধার্মিক ইহুদিদের তাওরাত অধ্যয়নে মনোনিবেশের সুযোগ দেয়া এবং তাদের সামরিক সেবা নিয়ে সমঝোতায় পৌঁছানো।

অবশ্য দলটির এ অবস্থান তাদের ধর্মীয় মিত্র শাস পার্টির অবস্থানের বিপরীত। বুধবার (৪ নভেম্বর) শাস নেতানিয়াহুকে সরকার গঠনের দায়িত্ব দেয়ার সুপারিশ করেছিল।

এদিকে ইউনাইটেড তোরাহ জুদাইজমের সর্বশেষ সিদ্ধান্তের পর নেতানিয়াহুর পক্ষে সুপারিশ করা আইনপ্রণেতার সংখ্যা ৫৩ থেকে কমে ৪৬ হতে পারে। অন্যদিকে বিরোধীদলীয় নেতা ও ইয়াশার পার্টির প্রধান গাদি আইজেনকটের পক্ষে ৬৭ জন আইনপ্রণেতার সমর্থন পাওয়ার কথা রয়েছে।

সংবাদমাধ্যম বলছে, যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের ভূমিধস জয়ও নেতানিয়াহুর রাজনৈতিক অবস্থানকে দুর্বল করেছে। ওই নির্বাচনে ইসরায়েলি প্রধানমন্ত্রীর গুরুত্বপূর্ণ মিত্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বড় ধাক্কা খেয়েছেন।

এমনকি নির্বাচনের ফলাফল যুক্তরাষ্ট্র-ইসরায়েল সম্পর্কের ওপর কী প্রভাব ফেলতে পারে, তা নিয়েও ইসরায়েলে উদ্বেগ তৈরি হয়েছে।

এদিকে নেসেটে ৪৮টি আসন থাকা ইহুদি বিরোধী দলগুলো আইজেনকটকে ইসরায়েলের পরবর্তী প্রধানমন্ত্রী পদে সুপারিশ করার পরিকল্পনার কথা জানিয়েছে। এ ছাড়া জয়েন্ট লিস্ট ও রা’আম নামে পরিচিত ইউনাইটেড আরব লিস্ট— এই দুই দলের ১৯ জন আরব আইনপ্রণেতাও তাকে সুপারিশ করবেন বলে ধারণা করা হচ্ছে।

সংবাদমাধ্যম বলছে, আগামী কয়েক দিনের মধ্যে প্রেসিডেন্ট হারজগ ইসরায়েলি পার্লামেন্ট নেসেটের একজন সদস্যকে পরবর্তী সরকার গঠনের দায়িত্ব দেবেন বলে ধারণা করা হচ্ছে। মনোনীত আইনপ্রণেতা জোট সরকার গঠনের জন্য ২৮ দিন সময় পাবেন। প্রয়োজনে আরও ১৪ দিন সময় বাড়ানো হতে পারে।

ইসরায়েলি সংবাদমাধ্যমগুলোর ধারণা, নেতানিয়াহুর সমর্থকদের তুলনায় আইজেনকটের পক্ষে বেশি আইনপ্রণেতার সুপারিশ পাওয়ার সম্ভাবনা থাকায় তাকেই সরকার গঠনের দায়িত্ব দেয়া হতে পারে।

তবে এ দায়িত্ব পেলেই আইজেনকটের সরকার গঠন নিশ্চিত হবে না। নেসেটের ১২০ সদস্যের মধ্যে অন্তত ৬১ জনের সমর্থন প্রয়োজন হবে তার।

আইজেনকট বলেছেন, তিনি একটি ‘জায়নবাদী সরকার’ গঠন করতে চান। তবে তার শিবিরের সরকার গঠনে আরব আইনপ্রণেতাদের সমর্থন প্রয়োজন হওয়ায় কীভাবে সেই লক্ষ্য অর্জন করবেন, তা ব্যাখ্যা করেননি তিনি।

ইহুদি বিরোধী দলগুলোর মধ্যে কয়েকটি দল সম্ভাব্য সরকারে আরবদের অংশগ্রহণ কিংবা সরকার গঠনে তাদের সমর্থন—দুটিরই বিরোধিতা করে থাকে। অন্যদিকে আরব দলগুলো আইজেনকটের নেতৃত্বাধীন সরকারে যোগ না দিয়েও সংসদীয় ‘নিরাপত্তাবলয়’ বা সমর্থন দেয়ার প্রস্তুতির কথা জানিয়েছে।

এর বিনিময়ে তারা আরব নাগরিকদের জন্য কয়েকটি নিশ্চয়তা চাইছে। এর মধ্যে রয়েছে—বাড়িঘর ভাঙা ও উসকানি বন্ধ করা, অপরাধ দমনে পদক্ষেপ নেয়া এবং ফিলিস্তিনিদের জন্য রাজনৈতিক সমাধানের পথ উন্মুক্ত করা।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
06 November 2026

ইসরায়েলে সরকার গঠনের সমীকরণে নাটকীয় মোড়, সমর্থন কমছে নেতানিয়াহুর

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD