
বানিয়াচং-হবিগঞ্জ গুরুত্বপূর্ণ আঞ্চলিক সড়কের রত্না বেইলি ব্রিজে মালবাহী একটি ট্রাক উঠতেই হঠাৎ লোহার প্লেট ধসে পড়ে যায়। এতে ব্রিজের মাঝখানে বড় গর্ত সৃষ্টি হয়ে মুহূর্তেই যান চলাচল বন্ধ হয়ে যায়। ফলে বানিয়াচং ও হবিগঞ্জের সঙ্গে সরাসরি যোগাযোগ একেবারেই বিচ্ছিন্ন হয়ে পড়েছে।
স্থানীয়রা জানান, দীর্ঘদিনের অবহেলা, অব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্রিজটি দুর্বল হয়ে পড়েছিল। বহু বছর ধরে ব্রিজটির প্লেট ঢিলা ও ক্ষতিগ্রস্ত থাকলেও কোনো স্থায়ী মেরামত করা হয়নি। প্রতিদিনই ঝুঁকি নিয়ে হালকা-ভারী যানবাহন চলাচল করছিল।
শুক্রবার (০৫ ডিসেম্বর) ভোরে মালবাহী ট্রাকটি ব্রিজে উঠলে অতিরিক্ত ওজনের চাপ সহ্য করতে না পেরে প্লেটটি ভেঙে নিচে ধসে যায়। এতে বড় দুর্ঘটনা থেকে অল্পের জন্য রক্ষা পেলেও পুরো এলাকায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে।
ব্রিজটি ভেঙে এই সড়কে চলাচলকারী লাখো মানুষ এখন চরম দুর্ভোগে পড়েছেন। শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও রোগীবাহী অ্যাম্বুলেন্স সবাইকে বিকল্প সড়ক না থাকায় বিপর্যস্ত পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, বারবার মেরামতের দাবি জানানো হলেও সড়ক বিভাগের উদাসীনতা ও দীর্ঘদিনের অবহেলার কারণেই ব্রিজটির এই করুণ পরিণতি হয়েছে।
ঘটনার পর সড়ক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তারা অস্থায়ী চলাচলের ব্যবস্থা ও জরুরি ভিত্তিতে ব্রিজ মেরামতের আশ্বাস দিলেও সাধারণ মানুষের প্রশ্ন “কবে স্থায়ী সমাধান হবে?”
এলাকাবাসীর দাবি, অবিলম্বে নতুন ব্রিজ নির্মাণের মাধ্যমে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।
Designed by: Sylhet Host BD
Leave a Reply