
হবিগঞ্জে মসজিদের ভেতরে ছুরিকাঘাতে এক মুসল্লি নিহতের ঘটনায় ২৪ ঘন্টার মধ্যে ঘাতক রোসেল মিয়াকে গ্রেফতার করেছে র্যাব-৯।
সূত্রে জানা যায়, গত ২২ আগস্ট নবীগঞ্জের হাসানখালি এলাকায় একটি কালভার্টের নিচে জাবেদ মিয়া নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়। ওই হত্যাকাণ্ডের মূল আসামি ছিলেন ইমরুল মিয়া, যিনি পরে গ্রেফতার হন এবং ২ নভেম্বর জামিনে মুক্তি পান।
জাবেদ মিয়ার পরিবার এ ঘটনায় ক্ষুব্ধ ছিল। এরই জের ধরে শুক্রবার( ৭ নভেম্বর) জুমার নামাজ শেষে মসজিদের ভেতরে নিহত জাবেদের ভাই রোসেল মিয়া ইমরুল মিয়াকে ছুরিকাঘাত করেন।
গুরুতর আহত ইমরুল মিয়াকে স্থানীয়রা উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাটি হবিগঞ্জসহ সারাদেশে সামাজিক যোগাযোগমাধ্যম ও প্রিন্ট মিডিয়ায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। পরে র্যাব-৯ ঘটনাটির ছায়া তদন্ত শুরু করে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার (৮ নভেম্বর) মাধবপুর উপজেলার বাঘাসুরা বাজার এলাকায় অভিযান চালিয়ে ঘাতক রোসেল মিয়াকে গ্রেফতার করে গ্রেফতারকৃত আসামি রোসেল মিয়া (১৯), পিতা আতিক মিয়া, সাং বনগাঁও, থানা নবীগঞ্জ, জেলা হবিগঞ্জ।
র্যাব-৯, এর মিডিয়া অফিসার অতি: পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেফতারকৃত আসামিকে নবীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে র্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply