
এম এ মজিদ, হবিগঞ্জঃ হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেল জামে মসজিদে জুমার খুৎবায় মাওলানা সিরাজুল ইসলাম বলেছেন- আত্বীয় নয়, প্রতিবেশীও না, রক্তের কোনো সম্পর্ক নেই, শুধু মুসলমান, এক আল্লাহতে বিশ্বাসী, রাসুল (সা) কে শেষ নবী মানে, এমন একজন মুসলমানের প্রতি আরেকজন মুসলমানের ৫টি হক রয়েছে। ৫টি হক পালন না করলে গুনাহগার হতে হবে।
পালন করলে বিশাল সওয়াবের মালিক হওয়া যায়। প্রথমত কোনো মুসলমান যদি আরেক মুসলমানকে সালাম দেন, তাহলে জবাব দিতে হবে। যদিও সালাম দেয়া সুন্নত, জবাব দেয়া ওয়াজিব, তথাপি যে সালাম দেবে সে ৭০ নেকি পাবে, যে সালামের জবাব দেবে সে ১০ নেকি পাবে। সালামের জবাব না দিলে ওয়াজিব তরক হবে, গুনাহগার হতে হবে। একজনের সাথে আরেকজনের কথা বলার আগেই সালাম বিনিময় করতে হবে। সালাম একটি দোয়া।
গুড মর্নিং, গুড নাইট বা অন্য কোনো ভাষায় সালামের বিশালত্ব বুঝানো সম্ভব নয়। দ্বিতীয়ত একজন মুসলমান অসুস্থ, তিনি আত্বীয় না, রক্তের কোনো বন্ধনও নেই, একজন মুসলমান যদি জানেন তার আরেক মুসলিম ভাই অসুস্থ, তাহলে অসুস্থ মুসলমানকে সুস্থ মুসলমানের উচিৎ গিয়ে দেখে আসা, তার স্বাস্থ্যের খোজখবর নেয়া, ভালো পরামর্শ দেয়া, সহযোগিতা করা। অসুস্থ মুসলমানকে দেখতে গেলে কী হয়। রাসুল (সা) বলেছেন- একজন অসুস্থ মুসলমানকে যদি কেউ সকাল বেলায় দেখতে যায়, তাহলে সন্ধা পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দেখতে যাওয়া মুসলমানের জন্য দোয়া করতে থাকে। যদি সন্ধায় দেখতে যায় তাহলে ভোর পর্যন্ত ৭০ হাজার ফেরেশতা দোয়া করতে থাকে।
হযরত ওমর (রা) বলেছেন- রাসুল (সা) তাকে বলেছেন, হে ওমর তুমি যদি কোনো অসুস্থ মুসলমানকে দেখতে যাও, তাহলে তার কাছে তুমি দোয়া চেয়ে নিও। কারণ অসুস্থ মানুষের দোয়া ফেরেশতাদের দোয়ার মতো সাথে সাথে কবুল হয়ে যায়। তৃতীয়ত হলো কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তার জানাযায় শরিক হওয়া। রাসুল (সা) বলেছেন- যদি কোনো মুসলমান অন্য কোনো মুসলিম নর নারীর জানাযায় অংশ গ্রহণ করে তাহলে তার আমলনামায় এক ক্বিরআত সওয়াব লেখা হয়, যদি দাফন পর্যন্ত কবরস্থানের পাশে অপেক্ষা করে তাহলে দুই ক্বিরআত সওয়াব লেখা হয়। রাসুল (সা) এক ক্বিরআত সওয়াবকে ওহুদ পাহাড়ের সমান সওয়াব হিসাবে বর্ণনা করেছেন।
সাধারণত ওহুদ পর্বত রাসুল (সা) এর কাছে অনেক প্রিয় ছিল। সেখানে রাসুল (সা) দাঁত মোবারক শহীদ হয়। ৭০ জন সাহাবী শাহাদত বরণ করেন। চতুর্থ হলো- একজন মুসলমান যদি দাওয়াত দেয় তাহলে দাওয়াতে অংশ গ্রহণ করা। দাওয়াত দেয়া যেমন সুন্নত, দাওয়াতে অংশ গ্রহণ করাও সুন্নত। পঞ্চম হক হল- যদি কোনো মুসলমান হাঁচি দেয়, তাহলে বলবে- আলহামদুলিল্লাহ, যে মুসলমান হাচির আওয়াজ শুনবে তাকে ইয়ারহামুকাল্লাহ বলে জবাব দেয়া। প্রায় ৪২ মিনিটের জুমার খুৎবায় মাওলানা সিরাজুল ইসলাম আরও বলেন- উপরুক্ত পাচটি হক পালন করলে সমাজ সুন্দর হবে, ইসলাম কায়েম হবে, মুসলমানের মধ্যে ভাতৃত্ববোধ জাগ্রত হবে, হিংসা বিদ্বেষ দুর হবে।
এম এ মজিদ
আইনজীবী ও সংবাদকর্মী
হবিগঞ্জ ২২ আগষ্ট ২০২৫ইং
০১৭১১-৭৮২২৩২
Designed by: Sylhet Host BD
Leave a Reply