1. sm.khakon@gmail.com : bkantho :
ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা - বাংলা কণ্ঠ নিউজ
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ০৫:০১ অপরাহ্ন

ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

বাংলা কণ্ঠ ডেস্ক
  • বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ১৮ বার পড়া হয়েছে

ইরানের ওপর সামরিক হামলা চালিয়ে ক্ষমতায় টিকে থাকার চেষ্টা করতে পারেন প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এমন আশঙ্কা করছে ইসরাইলের বিরোধী দলগুলো। এ পরিস্থিতিতে আগামী রোববার দেশটির নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হওয়ার কথা রয়েছে। নিরাপত্তা মন্ত্রিসভা’ বলতে ইসরাইলের সরকারের গুরুত্বপূর্ণ কয়েকজন মন্ত্রীকে নিয়ে গঠিত জাতীয় নিরাপত্তাবিষয়ক বিশেষ কমিটিকে বোঝায়। প্রধানমন্ত্রী এর প্রধান। জাতীয় নিরাপত্তা, প্রতিরক্ষা ও পররাষ্ট্রনীতি এবং যুদ্ধ বা বড় ধরনের সামরিক অভিযান চালানোর মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয় এই কমিটি।

তুরস্কের বার্তা সংস্থা আনাদুলু বৃহস্পতিবার (১২ নভেম্বর) জানায়, ইসরাইলের সরকারি সম্প্রচারমাধ্যম কান জানিয়েছে, ৫ অক্টোবরের পর এই প্রথম নিরাপত্তা মন্ত্রিসভার বৈঠক হতে যাচ্ছে। বুধবার সন্ধ্যায় খবর আসে, ইরানে সম্ভাব্য হামলা ও সামরিক সংঘাতের প্রস্তুতি জোরদার করতে সেনাবাহিনীকে নির্দেশ দিয়েছে মন্ত্রিসভা।

কানের খবরে বলা হয়, ইসরাইলের পরবর্তী সরকার গঠনের দায়িত্ব পাওয়া আইনপ্রণেতা গাদি আইজেনকট নেতানিয়াহুকে চিঠি দিয়ে নতুন সরকার গঠন না করা পর্যন্ত অপ্রয়োজনীয় সামরিক অভিযান থেকে বিরত থাকার আহ্বান জানানোর পরই এই নির্দেশের খবর আসে।

চিঠিতে আইজেনকট বলেন, ‘আপনি এখন এমন একটি অন্তর্বর্তী সরকারের প্রধান, যে সরকারের ওপর নেসেটের আর আস্থা নেই। প্রধানমন্ত্রী হিসেবে আপনার দায়িত্ব পালনের পক্ষে এখনো মাত্র ৪৬ জন আইনপ্রণেতা রয়েছেন।’

জবাবে নেতানিয়াহুর দফতর এক বিবৃতিতে চিঠিটিকে ‘দায়িত্বজ্ঞানহীন পদক্ষেপ এবং নিরাপত্তার বিষয়কে প্রকাশ্যে রাজনীতিকরণের চেষ্টা’ বলে আখ্যা দেয়।

পাল্টা বিবৃতিতে আইজেনকট প্রশ্ন তোলেন, প্রচলিত নিয়ম অনুযায়ী সামরিক অভিযানের বিষয়ে ব্রিফিং চাওয়ার পরও কেন তা প্রত্যাখ্যান করা হলো? কেন নেসেটের পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির বৈঠক আগামী সপ্তাহ পর্যন্ত পিছিয়ে দিতে চাইছে সরকার? তিনি বলেন, ‘নেসেটের আস্থা হারানো একটি সরকারের ওপর নজরদারির ক্ষেত্রে কোনো শূন্যতা তৈরি হতে দেব না।’

ইসরাইলের বিরোধী শিবিরের আশঙ্কা, ক্ষমতায় টিকে থাকতে নেতানিয়াহু ইরানে হামলা চালিয়ে দেশে জরুরি অবস্থা জারি করতে পারেন। এর মধ্য দিয়ে নেতানিয়াহু ও আইজেনকটকে নিয়ে জাতীয় ঐক্যের সরকার গঠনের পথ তৈরি হতে পারে। তবে এমন সরকারের বিরোধী আইজেনকট।

বুধবার নেসেটে সাংবাদিকদের নেতানিয়াহু বলেন, ‘জাতীয় ঐক্যের সরকার গঠন সম্ভব। কারণ, সঙ্কটের সময়ে কীভাবে ঐক্যবদ্ধ হতে হয়, তা জনগণ জানে।’ তার এই বক্তব্য বিরোধীদের আশঙ্কা আরো বাড়িয়েছে।

নেতানিয়াহু এখন তত্ত্বাবধায়ক সরকারের প্রধান। ইসরাইলের আইনে এ ধরনের সরকারের সামরিক হামলা চালানোর ওপর নির্দিষ্ট কোনো বিধিনিষেধ নেই। তবে এ ধরনের অভিযানের জন্য নেতানিয়াহুর নেতৃত্বাধীন নিরাপত্তা মন্ত্রিসভার অনুমোদন প্রয়োজন। ওই মন্ত্রিসভায় তার সরকারের মন্ত্রীরাও রয়েছেন।

২০২৫ সালের জুন থেকে ইরানের বিরুদ্ধে দুটি যুদ্ধে জড়িয়েছে ইসরাইল। জবাবে ইরানও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে ইসরাইলে হামলা চালিয়েছে। ওয়াশিংটন ও তেল আবিবের অভিযোগ, ইরান এমন পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি চালাচ্ছে, যা ইসরাইল এবং মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর জন্য হুমকি। তবে তেহরানের দাবি, তাদের পারমাণবিক কর্মসূচি শান্তিপূর্ণ। পারমাণবিক অস্ত্র তৈরি কিংবা অন্য কোনো দেশের জন্য হুমকি হয়ে ওঠার লক্ষ্য তাদের একেবারেই নেই।

Share this news as a Photo Card

সামাজিক মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো খবর
Developer By Zorex Zira
12 November 2026

ইরানে হামলার আশঙ্কায় রোববার বৈঠকে বসছে ইসরাইলের নিরাপত্তা মন্ত্রিসভা

www.banglakantho.com |
বিস্তারিত কমেন্টে...

Designed by: Sylhet Host BD