বিএনপির রাজনীতিতে মোশারফ ঠাকুরকে সক্রিয় দেখতে চান নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংগঠন জাসাসের সাবেক কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ও টকশো ব্যক্তিত্ব মোশারফ আহমেদ ঠাকুর বিএনপির রাজনীতিতে পরিচিত মুখ। একসময় হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) এলাকায় বিএনপি ও জাতীয়তাবাদী আদর্শের নেতাকর্মীদের সংগঠিত ও সক্রিয় রাখতে মাঠ পর্যায়ে ব্যাপকভাবে কাজ করেছেন।
রাজনৈতিক কর্মকাণ্ড, সাংগঠনিক তৎপরতা এবং নেতাকর্মীদের সঙ্গে নিবিড় যোগাযোগের মধ্য দিয়ে ওই অঞ্চলে নিজের অবস্থান তৈরি করেছিলেন মোশারফ আহমেদ ঠাকুর। দলীয় কর্মসূচি ও সাংগঠনিক প্রয়োজনে বানিয়াচং-আজমিরীগঞ্জের বিভিন্ন এলাকায় তাঁর বিচরণ ছিল উল্লেখযোগ্য। জাতীয়তাবাদী রাজনীতির কর্মীদের উজ্জীবিত করা এবং সংগঠনের কার্যক্রম গতিশীল রাখতে একসময় তিনি পুরো এলাকাজুড়ে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় নেতাকর্মীরা স্মরণ করেন।
রাজনীতির পাশাপাশি টেলিভিশনের বিভিন্ন টকশোতে অংশগ্রহণ করে সমসাময়িক রাজনীতি ও জাতীয় বিভিন্ন ইস্যুতে বক্তব্য রাখেন মোশারফ আহমেদ ঠাকুর। গণমাধ্যমে তাঁর উপস্থিতি ও রাজনৈতিক আলোচনায় অংশগ্রহণ তাঁকে আরও পরিচিত করে তুলেছে।
স্থানীয় বিএনপির নেতাকর্মীদের ভাষ্য, মোশারফ আহমেদ ঠাকুরকে আবারও বিএনপির রাজনীতিতে সক্রিয় করা গেলে হবিগঞ্জ-২ আসনের বানিয়াচং-আজমিরীগঞ্জ এলাকায় দলীয় সাংগঠনিক কর্মকাণ্ড আরও গতিশীল হতে পারে। তাঁর রাজনৈতিক অভিজ্ঞতা, মাঠপর্যায়ে কাজ করার সক্ষমতা ও নেতাকর্মীদের সঙ্গে যোগাযোগ সংগঠনকে শক্তিশালী করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে বলে মনে করেন তাঁরা।
তৃণমূলের অনেক নেতাকর্মীর প্রত্যাশা, অভিজ্ঞ ও পরিচিত রাজনৈতিক ব্যক্তিত্বদের যথাযথ মূল্যায়নের মাধ্যমে বিএনপি তার সাংগঠনিক শক্তিকে আরও সুসংহত করবে। সেই প্রত্যাশার জায়গা থেকেই মোশারফ আহমেদ ঠাকুরকে আবারও সক্রিয় রাজনৈতিক ভূমিকায় দেখতে চান স্থানীয় নেতাকর্মীদের অনেকে।
