
বানিয়াচং উপজেলায় পলো সমিতির অর্ধশতাধিক লোক আহত হওয়ার ঘটনাকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির অবসানে আপোষ নিষ্পত্তির সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ লক্ষ্যে শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে বানিয়াচং উপজেলার ১, ২, ৩ ও ৪ নম্বর ইউনিয়নসহ আজমিরীগঞ্জ উপজেলার শিবপাশা ও নোয়াগড় গ্রামের পলো সমিতির সদস্যদের অংশগ্রহণে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বানিয়াচং এলআর সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত সভায় পলো সমিতির সভাপতি ইমরান মিয়া সভাপতিত্ব করেন। সভায় কাটকাল এলাকার পক্ষে মাওলানা জুনায়েদ আহমদসহ বিভিন্ন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত থেকে শান্তিপূর্ণ সমাধানের প্রস্তাব দেন।
পরে বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসেন মারুফ, সাবেক উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব লুৎফুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর আমীর খন্দকার তালেব উদ্দিন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, যুবনেতা শেখ সুহেল আহমদসহ এলাকার রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ উক্ত ঘটনার আপোষ মীমাংসার দায়িত্ব গ্রহণ করেন। তারা সকল পক্ষকে সংযম বজায় রেখে ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি না ঘটানোর আহ্বান জানান।
উল্লেখ্য, গত মঙ্গলবার বানিয়াচং উপজেলার কাটকাল এলাকার সরকারি বাউরি বিলে পলো দিয়ে মাছ শিকার করতে গেলে কাটকাল গ্রামের ইউপি সদস্য ফরিদ মিয়ার নেতৃত্বে একদল লোক দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে পলো সমিতির সদস্যদের ওপর হামলা চালায়। এতে অন্তত ৪০ জন আহত হন। আহতদের মধ্যে বেশ কয়েকজন বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
Leave a Reply