ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অনুমতি না পাওয়ায় ঢাকার প্রবেশমুখে অবস্থান কর্মসূচি থেকে সরে এসেছে আওয়ামী লীগ। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে দলটির নেতাকর্মীরা সতর্ক পাহারায় থাকবে।
শুক্রবার গভীর রাতে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দফতর সম্পাদক রিয়াজ উদ্দিন রিয়াজ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমাদের অবস্থান কর্মসূচি বিরত রাখব। তবে প্রতিটি থানা ওয়ার্ড কার্যালয়ে নেতাকর্মীরা সতর্ক পাহারা দেবেন।
তিনি বলেন, যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে ওয়ার্ড কার্যালয়ের সামনে সতর্ক অবস্থানে থাকবেন আওয়ামী লীগের নেতাকর্মীরা।
এর আগে পৃথক বার্তায় শনিবারের বিএনপি ও আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের রাজধানীর ঢাকার সব প্রবেশ মুখে সকাল ১১টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অবস্থান কর্মসূচির অনুমতি দেয়া হয়নি বলে জানায় ডিএমপি।
উল্লেখ্য, শুক্রবার দুপুরে নয়াপল্টনে আয়োজিত মহাসমাবেশ থেকে শনিবার রাজধানীর প্রবেশমুখগুলোতে অবস্থান কর্মসূচি ঘোষণা দেয় বিএনপি। পাল্টা কর্মসূচি হিসেবে রাজধানীর প্রবেশমুখগুলোতে শান্তি সমাবেশ কর্মসূচি ঘোষণা করে আওয়ামী লীগ।