প্রিন্ট এর তারিখঃ মে ৩, ২০২৬, ১২:৫৪ এ.এম || প্রকাশের তারিখঃ অক্টোবর ১, ২০২৫, ৪:১৫ পি.এম
নবীগঞ্জে নিখোঁজের ৩ দিন পর পুকুর থেকে যুবকের লাশ উদ্ধার

হবিগঞ্জ জেলার নবীগঞ্জ পৌর এলাকার আক্রমপুর থেকে নিখোঁজের ৩ দিন পর আবিদুর রহমান (৩৫) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) আক্রমপুর এলাকার নুরুল গণি চৌধুরী সোহেলের বাড়ির পুকুর থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয়। নিহত আবিদুর রহমান উপজেলার আনমনু গ্রামের মৃত মাতাল আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, গত তিন দিন আগে আবিদুর রহমান বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে দিশেহারা হয়ে পড়েন। তবে এ ঘটনায় থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) করা হয়নি।
গত মঙ্গলবার সকালে স্থানীয়রা পুকুরে ভাসমান লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে ওসি (তদন্ত) দুলাল মিয়া ও এসআই সাদরুল আমীনের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে। পরে সুরতহাল রিপোর্ট প্রস্তুত করে লাশ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।
ওসি শেখ মোঃ কামরুজ্জামান বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
অন্যদিকে, নিহতের পরিবার দাবি করেছে— পূর্ব আক্রোশের জেরে পরিকল্পিতভাবে আবিদুর রহমানকে হত্যা করা হয়েছে এবং লাশ গুম করার উদ্দেশ্যে পুকুরে ফেলে রাখা হয়েছে। তারা এ ঘটনায় আইনের সহযোগিতা কামনা করেছেন।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com