প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ১০:২৭ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৭, ২০২৬, ৭:০৫ পি.এম
দেশের মাটিতে পতিত স্বৈরাচার আর কোনোদিন ফিরে আসতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশের মাটিতে কোনোদিন পতিত স্বৈরাচার ফিরে আসতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেন, বিদেশের মাটি থেকে অডিও-ভিডিও কলের মাধ্যমে অগ্নিসন্ত্রাসের নির্দেশনা দেওয়া হচ্ছে। আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের চেষ্টা করছে, যা তাদের অতীত ইতিহাস। তবে দেশের মানুষ ঐক্যবদ্ধ থাকায় তাদের সেই অপচেষ্টা সফল হতে দেওয়া হবে না।
শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর এলাকায় জামিয়া ইসলামিয়া হালীমিয়া মাদরাসার ৫৩তম বার্ষিক মাহফিল ও ইসলাহী ইজতেমায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, ফ্যাসিবাদী, আলেমবিদ্বেষী, পরাধীনতাকামী ও সেবাদাস কোনো পতিত শক্তি পুনরায় রাজনীতি করার ইচ্ছা প্রকাশ করলে বাংলাদেশের সব নাগরিক ঐক্যবদ্ধভাবে তার বিরুদ্ধে অবস্থান নেবে।
গণতান্ত্রিক চর্চার প্রসঙ্গ টেনে সালাহউদ্দিন আহমেদ আরও বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিভিন্ন রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আদর্শ ও মতপার্থক্য থাকবে, তর্ক-বিতর্কও হবে। কিন্তু দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে যে জাতীয় ঐক্য গড়ে উঠেছিল, তা আবারও প্রতিষ্ঠা করতে হবে। সেই ঐক্যবদ্ধ শক্তিকে কাজে লাগিয়েই বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে গড়ে তোলা হবে।
বাংলাদেশ খতমে নবুওয়াত সংরক্ষণ কমিটির আমির মধুপুরের পীর আব্দুল হামিদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মোহাম্মদ আব্দুল্লাহ, মুন্সীগঞ্জের জেলা প্রশাসক সৈয়দা নূর মহল আশরাফী এবং পুলিশ সুপার বদরুজ্জামান। এ ছাড়াও স্থানীয় রাজনৈতিক, সামাজিক ও ধর্মীয় নেতারা এতে উপস্থিত ছিলেন।
দুই দিনব্যাপী আয়োজিত এ মাহফিল ও ইসলাহী ইজতেমায় দেশের বিভিন্ন স্থান থেকে আগত আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিশিষ্ট ধর্মীয় ব্যক্তিত্বরা অংশ নেন।
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com