প্রিন্ট এর তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৯:৩৩ পি.এম || প্রকাশের তারিখঃ নভেম্বর ২৬, ২০২৬, ৮:০০ এ.এম
বানিয়াচংয়ে রাতের আঁধারে অতিথি পাখি শিকার, প্রকাশ্যে বাজারে বিক্রি

শীতের আগমনের সঙ্গে সঙ্গে হবিগঞ্জের বানিয়াচং উপজেলার হাওর ও জলাশয়গুলোতে ভিড় জমাতে শুরু করেছে ঝাঁকে ঝাঁকে পরিযায়ী বা অতিথি পাখি। তবে নিরাপদ আশ্রয়ের খোঁজে হাজার মাইল পাড়ি দিয়ে আসা এসব পাখির জন্য কাল হয়ে দাঁড়িয়েছে একদল অসাধু শিকারি।
রাতের আঁধারে জাল, ফাঁদ ও বিষটোপ ব্যবহার করে নির্বিচারে পাখি শিকারের পর দিনের আলোয় স্থানীয় হাটবাজারগুলোতে তা প্রকাশ্যে চড়া দামে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, লক্ষীবাওর জলাবন, আশপাশের বিস্তীর্ণ হাওর ও বিলগুলোতে প্রতি বছর শীতের শুরুতেই বিভিন্ন প্রজাতির পরিযায়ী পাখির আগমন ঘটে। এই সুযোগকে কাজে লাগিয়ে সক্রিয় হয়ে উঠেছে স্থানীয় শিকারি চক্র। রাতভর হাওরের নির্জন এলাকায় জাল ও বিষটোপ ফেলে বিভিন্ন প্রজাতির পাখি নিধন করা হয়।
পরদিন ভোর থেকেই এসব পাখি বস্তায় ভরে বা ফেরি করে উপজেলার বড় বাজার, গ্যানিংগঞ্জ বাজার, আদর্শ বাজার, ৫/৬ নং বাজারসহ উপজেলার বিভিন্ন বাজারে এনে প্রকাশ্যে বিক্রি করা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক বাসিন্দা জানান, বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইন, ২০১২ অনুযায়ী পরিযায়ী পাখি শিকার, হত্যা, ক্রয়-বিক্রয় বা পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ ও দণ্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও প্রশাসনের কার্যকর নজরদারি ও নিয়মিত অভিযানের অভাবে শিকারি ও বিক্রেতারা বেপরোয়া হয়ে উঠেছে। এক শ্রেণির ক্রেতাও রসনা তৃপ্তির জন্য চড়া দামে এসব পাখি কিনে নিচ্ছেন।
পরিবেশবাদী ও সচেতন মহলের মতে, এভাবে নির্বিচারে অতিথি পাখি নিধন অব্যাহত থাকলে হাওরাঞ্চলের প্রাকৃতিক ভারসাম্য ও জীববৈচিত্র্য মারাত্মক হুমকির মুখে পড়বে। পাশাপাশি বিষটোপ দিয়ে শিকার করা পাখির মাংস খাওয়ার ফলে জনস্বাস্থ্যেও বড় ধরনের ঝুঁকি তৈরি হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ইকবাল হোসাইন বলেন, “অতিথি পাখি শিকার, ক্রয়-বিক্রয় ও পরিবহন আইনত দণ্ডনীয় অপরাধ। হাওর অঞ্চলে পরিযায়ী পাখি রক্ষায় উপজেলা প্রশাসন অত্যন্ত কঠোর অবস্থানে রয়েছে। সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে খুব শিগগিরই হাটবাজার ও হাওর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হবে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”
সম্পাদক এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com