হবিগঞ্জের বানিয়াচংয়ে ধান কাটার সময় বজ্রপাতে এক কৃষক নিহত হয়েছেন। এছাড়াও উপজেলায় বজ্রপাতে তিনজন আহত হয়েছে। সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বিভিন্ন হওেড়ে এই ঘটনা ঘটে।
বানিয়াচং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মাহমুদা আক্তার সাথী জানান, সোমবার সকালে বজ্রসহ বৃষ্টিপাত হয়। বানিয়াচং উপজেলার আড়িয়ামুগুর গ্রামের পূর্বের হাওরে ধান কাটছিলেন কালাবাসী দাসের ছেলে দূর্বাসা দাস (৩৫) ও তার ভাইবোন।
আকস্মিক এক বজ্রপাতে ঘটনাস্থলে দুর্বাসা দাস নিহত হন। আহত হয় তার ভাই ভূষণ দাস (৩৪) ও বোন সুধন্য দাস (২৮)। তারা দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এছাড়াও বজ্রপাতে বানিয়াচং উপজেলার বাগহাতা গ্রামের নুরুল ইসলামের ছেলে বায়েজিদ মিয়া (১৩) নামে এক শিশু আহত হয়েছে।
তিনি আরও জানান নিহত কৃষকের পরিবারকে ২০ হাজার টাকা দেয়া হবে।