প্রিন্ট এর তারিখঃ এপ্রিল ১৮, ২০২৬, ১:২৯ এ.এম || প্রকাশের তারিখঃ এপ্রিল ২৩, ২০২৫, ৭:৪২ পি.এম
নবীনগরে হেফাজতের কমিটি নিয়ে গ্রুপিং, উত্তেজনা বিরাজমান

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা হেফাজত ইসলামের এক পক্ষের কমিটি ঘোষণার কয়েকদিন না পেরুতেই সংবাদ সম্মেলন করে প্রতিবাদ করেন অন্য পক্ষ! এতে নবীনগর উপজেলা ও পৌর হেফাজত ইসলামের মধ্যে দুটি গ্রুপের তৈরি হওয়ায় আলোচনার ঝড় বইছে। দুটি পক্ষের নেতারাই নিজ নিজ কমিটিতে নিজেদের স্বপদে নেতা দাবি করছেন। বিগত কমিটির সভাপতি মাওলানা আমিরুল ইসলাম নিজেকেই এখনও সভাপতি দাবি করছেন। অপরদিকে নতুন কমিটির সভাপতি হিসেবে মুফতি বেলায়েতুল্লাহ ও সাধারণ সম্পাদক হিসেবে মাওলানা মেহেদী হাসানের নাম সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।
জানা যায়, নতুন কমিটি গঠনের লক্ষ্যে গত ১৫ ফেব্রুয়ারি জেলা নেতাদের উপস্থিতিতে কাউন্সিল অধিবেশন হয়। সেখানে উপস্থিত নেতাদের মাঝে উত্তেজনা ছড়িয়ে পড়লে কমিটির সদস্যদের নাম ঘোষণা করা হয়নি। সংবাদ সম্মেলনে নিজেকে নবীনগর শাখার সভাপতি দাবি করেন মাওলানা আমিরুল ইসলাম। তিনি আগের কমিটিতেও একই পদে ছিলেন বলেও জানান।
মাওলানা আমিরুল ইসলাম জানান, কাউন্সিল অধিবেশনে ৯৭ শতাংশ ভোটার তাঁকেই পুনরায় সভাপতি হিসেবে সরাসরি ভোট দিয়ে নির্বাচিত করেন। তখন মেহেদী হাসান বাধা দেন। একই সঙ্গে হুমকিধমকি দেওয়াসহ মারমুখী আচরণ করেন তিনি (মেহেদী)। গঠনতন্ত্রবিরোধী আচরণ করে মেহেদী কমিটি ঘোষণায়ও নিষেধ করেন। জেলার নেতারা পরিস্থিতি শান্ত রাখতে কমিটি পরে ঘোষণার কথা জানিয়ে কাউন্সিল সমাপ্ত করেন।
সংবাদ সম্মেলনে মাওলানা আমিরুল বলেন, জেলা ও কেন্দ্রীয় নেতাদের উচিত নবীনগর এসে আবারো কাউন্সিল অধিবেশন ডেকে তৃণমূল নেতাকর্মীর সরাসরি ভোটে কমিটি ঘোষণা করা।
নতুন এই কমিটির অনুমোদন রয়েছে বলে দাবি করেন মাওলানা মেহেদী হাসান। তাঁর দাবি, ১৫ ফেব্রুয়ারি কাউন্সিলের অধিবেশনের পরবর্তী সময়ে জেলা কার্যালয়ে জেলা, উপজেলা ও কেন্দ্রীয় নেতাদের উপস্থিতিতে সর্বসম্মতিক্রমে কমিটি গঠিত হয়। এতে মুফতি বেলায়েতুল্লাহ সভাপতি ও তিনি (মেহেদী হাসান) সাধারণ সম্পাদক হয়েছেন।
কমিটির অনুমোদনের কাগজপত্র বিষয়ে জানতে চাইলে মেহেদী হাসান সাংবাদিকদের বলেন, শিগগিরই তারা একটি সংবাদ সম্মেলন করবেন। সেখানেই অনুমোদনের কাগজ উপস্থাপন করা হবে।
হেফাজতে ইসলাম বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা আলী আজ্জমের ভাষ্য, ‘ওই কাউন্সিল অধিবেশনে আমরা কমিটির ঘোষণা করতে পারিনি। পরবর্তী সময়ে কেন্দ্রীয় ও উপজেলার নেতৃবৃন্দদের উপস্থিতিতে অনুষ্ঠিত সভায় মুফতি বেলায়েতুল্লাহকে সভাপতি ও মাওলানা মেহেদী হাসানকে সাধারণ সম্পাদক করে একটি কমিটির সিদ্ধান্ত হয়েছে।’ একই সঙ্গে তিনি স্বীকার করেন বিষয়টি জানিয়ে আনুষ্ঠানিক কোনো চিঠি এখনও তারা দেননি।
সম্পাদক ও প্রকাশকঃ এস এম খোকন, মোবাইলঃ ০১৭১১-৯১২৫৮৪, ০১৫১১-৯১২-৫৮৮৪। ই-মেইলঃ banglakanthonews@gmail.com, ওয়েবঃ banglakantho.com